মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝেই পাকিস্তান ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আলজাজিরা ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’র একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই দেশের মধ্যে নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে এবং ইরান পরবর্তী দফার বৈঠকের ব্যাপারে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।
এদিকে, দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তা ও মধ্যস্থতাকারী একটি দেশের কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই দুই দেশের প্রতিনিধিরা নতুন দফার বৈঠকে বসতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান দুই পক্ষই পুনরায় আলোচনা শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের চূড়ান্ত স্থান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য বিকল্প হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সুইজারল্যান্ডের জেনেভার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
রয়টার্সের তথ্যমতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান এবং মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। ইসলামাবাদে গত দফার বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পাকিস্তান এক্ষেত্রে দুই দেশের মধ্যে বার্তার বাহক হিসেবে কাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments