Image description

যুদ্ধবিরতি চলাকালে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়, তবুও চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালি বর্তমানে বাণিজ্যের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। তবে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই অবরোধ কোনোভাবেই প্রত্যাহার করা হবে না।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে, খুব শিগগিরই এই চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, চুক্তির জন্য আরোপিত শর্তগুলোর বেশিরভাগ নিয়েই ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়ে গেছে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে এখন থেকে সব ধরনের বাণিজ্যিক জাহাজ বাধাহীনভাবে যাতায়াত করতে পারবে।

তবে দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা শর্ত জুড়ে দিয়ে জানিয়েছেন, এই প্রণালি ব্যবহার করে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে বাধ্যতামূলকভাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া, ওই জলসীমা দিয়ে কোনো ধরনের সামরিক জাহাজ চলাচল করতে পারবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

মানবকণ্ঠ/আরআই