পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর বাধার মুখে পড়েছে দুটি ভারতীয় জাহাজ। ইরানি বাহিনীর গুলির মুখে জাহাজ দুটি পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোর মধ্যে একটি ছিল ভিএলসিসি (VLCC) সুপারট্যাংকার, যা প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহন করছিল। ঘটনার একটি অডিও রেকর্ডিংয়ে দেখা যায়, জাহাজগুলোর ক্যাপ্টেনরা দাবি করছেন যে তারা প্রণালি অতিক্রমের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছিলেন। তবে ইরানের নৌবাহিনী থেকে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, বর্তমানে এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।
ইরানের সামরিক বাহিনী আগেই ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে না নেয়, তবে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। জাহাজ দুটিকে ফিরিয়ে দেওয়ার ঘটনাকে সেই হুমকিরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কড়া বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শত্রুদের আবারও নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়া হবে।’ তিনি দাবি করেন, ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘দুর্বলতা ও অপমান’ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। ইরানের ড্রোন এবং নৌবাহিনী যেকোনো শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনড় অবস্থানের কথা জানিয়েছেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা শুরু করতে পারে বলে তিনি হুমকি দেন।
সূত্র: দ্য টেলিগ্রাফ
মানবকণ্ঠ/ডিআর




Comments