বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সমুদ্র-মাইন শনাক্ত ও অপসারণে অত্যাধুনিক ‘সি-ড্রোন’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে এবার মানুষ এবং চালকবিহীন যন্ত্রের (ড্রোন) সমন্বয় করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়ায় প্রথম ধাপে প্রণালির নির্দিষ্ট অংশগুলো দ্রুত স্ক্যান করে সম্ভাব্য মাইনগুলো চিহ্নিত করা হয়। এরপর সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পাঠানো হয় বিশেষায়িত সামুদ্রিক রোবট।
সামরিক বিশ্লেষকদের মতে, এই অত্যাধুনিক সেন্সর এবং পানির নিচের স্বয়ংক্রিয় যান (ইউইউভি) ব্যবহারের ফলে আগের চেয়ে অনেক দ্রুত নৌপথ নিরাপদ করা সম্ভব হচ্ছে। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান জানান, “আগে যেখানে একটি ছোট নৌপথ জরিপ করতে কয়েক সপ্তাহ সময় লাগত, এখন ইউইউভি প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েক দিনেই তা সম্ভব হচ্ছে।”
হরমুজ প্রণালি বিশ্ববাজারের জ্বালানি সরবরাহের একটি প্রধান রুট। এখানে মাইন পুঁতে রাখা হলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা থাকে। তাই সমুদ্রপথের এই নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সূত্র: আল-জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments