Image description

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে। তবে আলোচনার টেবিলে বসার আগেই ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য জানান। তিনি অভিযোগ করেন, ইরান বর্তমান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে। তবুও তিনি একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আশাবাদী।

ট্রাম্প তার পোস্টে লেখেন, “আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি তারা এটি গ্রহণ করবে।”

ইরানকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে। আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘ভদ্র আচরণের দিন’ শেষ হয়ে যাবে।” এই অবকাঠামোোগুলো খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, “এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে।”

আগামীকাল ২১ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। পাকিস্তান ও মিসরের মধ্যস্থতায় এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

মানবকণ্ঠ/আরআই