Image description

চীনের সবচেয়ে পুরোনো সক্রিয় বিমানবাহী রণতরী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। স্থানীয় সময় সোমবার লিয়াওনিং ওই প্রণালি অতিক্রম করেছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত বছরের শেষের পর এই প্রথমবার এ ধরনের কোনো জাহাজ সংবেদনশীল এ জলপথটি অতিক্রম করল।

বেইজিং তাইওয়ানকে তাদের ভূখণ্ড হিসেবে দেখে। তাইওয়ান প্রায় প্রতিদিনই দ্বীপটির চারপাশে চীনের সামরিক কার্যকলাপের খবর দেয়, যাকে তাইপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে একটি চলমান চাপ প্রয়োগের অভিযান হিসেবে দেখে।

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিয়াওনিং প্রণালিটি অতিক্রম করেছে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনী পুরো সময়জুড়ে ঘনিষ্ঠ ও নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রেখেছে।

তাইওয়ান সর্বশেষ প্রণালিতে একটি চীনা বিমানবাহী রণতরীর উপস্থিতির খবর দিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সময় চীনের সবচেয়ে নতুন ও উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ান এই জলপথ দিয়ে অতিক্রম করেছিল।

লিয়াওনিং হলো চীনের তিনটি সক্রিয় বিমানবাহী রণতরীর মধ্যে সবচেয়ে পুরোনো। ডিসেম্বরের শুরুতে একই জাহাজটি জাপানের দক্ষিণ-পশ্চিম দ্বীপপুঞ্জের কাছাকাছি জলপথে মহড়া চালিয়েছিল।

চীন দাবি করে, তাইওয়ান প্রণালির ওপর একমাত্র তাদেরই সার্বভৌমত্ব রয়েছে, এই অবস্থানটি তাইপে এবং ওয়াশিংটন উভয়ই প্রত্যাখ্যান করেছে। তারা এটিকে আন্তর্জাতিক জলসীমা বলে থাকে।

মার্কিন নৌবাহিনী প্রতি কয়েক মাস অন্তর এই প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ পাঠায় এবং মাঝে মাঝে কিছু মার্কিন মিত্র দেশও তা করে থাকে।

শুক্রবার চীন বলেছে, তারা প্রণালিতে একটি জাপানি যুদ্ধজাহাজের চলাচল পর্যবেক্ষণ করেছে এবং এই পদক্ষেপকে একটি ইচ্ছাকৃত উসকানি বলে অভিহিত করেছে।