উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে বিপজ্জনক পথে পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত ৭ হাজার ৯০০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আইওএম-এর ‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ বা নিখোঁজ অভিবাসী প্রকল্পের অধীনে ২০১৪ সাল থেকে অভিবাসন পথে হওয়া প্রাণহানির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাটির তথ্যমতে, গত এক দশকে ৮০ হাজারের বেশি মানুষ অভিবাসনের সময় মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।
আইওএম সতর্ক করে দিয়ে বলেছে, এই পরিসংখ্যান মূলত নথিবদ্ধ তথ্যের ভিত্তিতে তৈরি, যা প্রকৃত প্রাণহানির সংখ্যার সর্বনিম্ন সীমা নির্দেশ করে। অর্থাৎ বাস্তবে এই পথে প্রাণ হারানো মানুষের সংখ্যা নথিবদ্ধ তথ্যের চেয়ে আরও অনেক বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে দুর্গম মরুভূমি বা উত্তাল সমুদ্রে নিখোঁজ হওয়া মানুষদের কোনো হদিসই পাওয়া যায় না।
সংস্থাটি আরও জানায়, অভিবাসীদের এই মৃত্যুমিছিল বন্ধ করতে বিশ্বব্যাপী নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং জরুরি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। নতুবা প্রতি বছর হাজার হাজার মানুষের এই অকাল মৃত্যু কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না।
মানবকণ্ঠ/আরআই




Comments