কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নাটকীয় অভিযান চালিয়ে দুটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এর আগে ওই এলাকায় আরও তিনটি পণ্যবাহী জাহাজে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটে। বুধবার (২২ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, জব্দকৃত জাহাজ দুটি হলো— ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং ‘এপামিনোডস’। প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করা এবং নেভিগেশন সিস্টেম বা নৌ-চলাচল ব্যবস্থায় কারচুপি করার অভিযোগে জাহাজ দুটিকে জব্দ করে ইরানের উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আইআরজিসির দাবি, ওই জাহাজগুলোর কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছিল।
এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার ভোরে তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত একটি জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই আইআরজিসির একটি গানবোট জাহাজটির খুব কাছ থেকে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এই হামলায় জাহাজগুলোর কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা সব নাবিক ও ক্রু সদস্য অক্ষত ও নিরাপদ রয়েছেন। আক্রান্ত অন্য জাহাজগুলোর নাম ও পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজ জব্দ ও হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের নৌ-পথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান এই রুটে অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments