Image description

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন ২০২৬। এদিন একযোগে ১৫২টি কেন্দ্রে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। ৮ ঘণ্টায় সামগ্রিক ভোটগ্রহণ ৭৮ দশমিক ৭৭ শতাংশ হলেও কিছু জেলায় ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার নিয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ভোটার উপস্থিতি সবচেয়ে বেশি।

এ রাজ্যে ৮ ঘণ্টায় ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ। অন্যদিকে তামিলনাডুতে ভোটের হার দাঁড়িয়েছে ৭০ শতাংশে।

ইসি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভোটের হার ইতিমধ্যে ৮০ শতাংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় ৮১.৪৯ শতাংশ।

এর পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর (৮১.০৭ শতাংশ), ঝাড়গ্রাম (৮১.০৪ শতাংশ) এবং বীরভূম (৮০.২২ শতাংশ)। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৯.৭২ শতাংশ।

এদিকে তুলনামূলক কিছুটা কম ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে দার্জিলিং ও মালদায় (৭৬.৫৪ শতাংশ ও ৭৬.২২ শতাংশ)।

অন্যদিকে সন্তোষজনক ভোটগ্রহণ হয়েছে তামিলনাড়ুতেও।

প্রসঙ্গত, প্রথম দফার নির্বাচনে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটারের ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জানা যায়, প্রথম দফার জন্য মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৪৪টি কেন্দ্র নারী পরিচালিত।