মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাংলাদেশি পর্যটক মুজাহিদ মিল্লাদকে (২২) হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত দেশটির এক সেনা কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল রিমান্ড আবেদনটি মঞ্জুর করেছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত ৫ দিন ওই সেনা কর্মকর্তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
নিহত মুজাহিদ মিল্লাদের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। তিনি ও তার স্ত্রী তাবাসসুম আবিদা সম্প্রতি মালয়েশিয়ায় ভ্রমণে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার ভোরে তারা কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপরীত দিক থেকে ভুল লেনে ঢুকে পড়েন। এসময় বাংলাদেশি দম্পতিকে বহনকারী ট্যাক্সির সাথে ওই কর্মকর্তার গাড়ির ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান এবং তার স্ত্রী তাবাসসুম আবিদা গুরুতর আহত হন। সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন।
পুলিশের প্রাথমিক পরীক্ষায় ওই কর্মকর্তার রক্তে অতিমাত্রায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। ঘটনার পরপরই হত্যার অভিযোগ এনে দেশটির সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments