যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে ওমান সাগরে জব্দ হওয়া ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ (Tuska) অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী বহন করছিল বলে দাবি করেছে ইরান।
শুক্রবার (২৪ এপ্রিল) জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই দাবি জানায়।
ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “জব্দকৃত জাহাজটি গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও অন্যান্য জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম বহন করছিল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের একটি চরম ও নগ্ন লঙ্ঘন।”
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছিল যে, শুক্রবার ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে ওমান সাগরে ইরানি পতাকাবাহী ওই জাহাজটির গতিরোধ করে সেটি জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (DDG 115) এই অভিযানে নেতৃত্ব দেয়।
পারস্য উপসাগর ও এর আশপাশের এলাকায় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ে এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে মানবিক সহায়তা ও জরুরি চিকিৎসাসামগ্রীর প্রবাহে বাধা সৃষ্টি করে আন্তর্জাতিক নীতিমালার অবমাননা করছে।
এই ঘটনার ফলে দুই দেশের মধ্যকার চলমান কূটনৈতিক ও সামরিক অস্থিরতা নতুন করে যুদ্ধের আশঙ্কায় রূপ নিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments