যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, রুমমেট গ্রেফতার
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমনের নৃশংস হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত জামিলের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করা হয়েছে। নাহিদার মৃত্যুর বিষয়টি শনিবার (২৫ এপ্রিল) সকালে তার ভাই জাহিদ হাসান প্রান্তও নিশ্চিত করেছেন।
নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত ছিলেন। অন্যদিকে, নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) পিএইচডি করছিলেন।
নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, তাদের বাসার ভেতরে প্রচুর রক্ত পাওয়া গেছে। সেই রক্তের নমুনার সঙ্গে নাহিদার ডিএনএ-র মিল পাওয়া গেছে। তবে তার পূর্ণাঙ্গ মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এর আগে, স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে নিখোঁজ জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে হিলসবরোর আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে তারা দুজন নিখোঁজ ছিলেন। তদন্তের একপর্যায়ে জামিলের রুমমেট হিশাম সালেহকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এই মর্মান্তিক সংবাদে নিহতদের পরিবার ও নোবিপ্রবি পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments