Image description

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর তথ্য দিয়েছে স্থানীয় পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) সম্পর্কে বিস্তারিত জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফের দফতর। লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় হিশামের বিরুদ্ধে ৬টি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জামিল এবং তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের মরদেহ পাওয়া গেলেও বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হিলসবরো কাউন্টি শেরিফের দফতর জানিয়েছে, গ্রেপ্তারকৃত হিশাম আবুঘরবেহ নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি অ্যাপার্টমেন্টে একসাথে থাকতেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হিশাম ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইউএসএফ-এর ম্যানেজমেন্ট বিভাগে বিএসসি কোর্সের শিক্ষার্থী ছিলেন। তবে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

শেরিফের দফতর হিশামের বিরুদ্ধে যে ৬টি গুরুতর অভিযোগ এনেছে সেগুলো হলো— পারিবারিক সহিংসতা, সাধারণ প্রহার, কাউকে অন্যায়ভাবে আটকে রাখা (False Imprisonment), মামলার তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা, কারও মৃত্যু সংবাদ পুলিশকে না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানো বা নাড়াচাড়া করা।

পুলিশের তদন্তে জানা গেছে, লিমন ও হিশাম একই বাসায় থাকতেন, তবে নিখোঁজ অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ওই বাসায় থাকতেন না। হিশাম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এখনো এই হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার বা অস্বীকার করেছেন কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।

তথ্যসূত্র: সিএনএন ও পিপল ম্যাগাজিন

মানবকণ্ঠ/ডিআর