মার্কিন সেনাবাহিনীর কাছে ড্রোন বিক্রি করবে ট্রাম্পের ছেলেদের সমর্থিত কোম্পানি
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সমর্থিত একটি ড্রোন কোম্পানি মার্কিন সামরিক বাহিনীর কাছে ড্রোন বিক্রির চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে।
ফ্লোরিডা-ভিত্তিক ড্রোন কোম্পানি ‘পাওয়ারাস’ (Poweras)-এর প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন বিমান বাহিনী পাওয়ারাস-এর কাছ থেকে অনির্দিষ্ট সংখ্যক ‘ইন্টারসেপ্টর ড্রোন’ কেনার বিষয়ে সম্মত হয়েছে। এরিক ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই কোম্পানিটির বড় সমর্থক হিসেবে পরিচিত।
ব্রেট ভেলিকোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ব্লুমবার্গের এই প্রতিবেদনটিকে সত্য বলে নিশ্চিত করেন।
প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ তার পোস্টে আধুনিক যুদ্ধে ড্রোনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “এটি আমেরিকান ড্রোনের আধিপত্য প্রতিষ্ঠার বিষয়। বর্তমানে ড্রোনের হুমকি অত্যন্ত বাস্তব। সস্তা ড্রোনগুলো প্রতিদিন অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করছে, যার ফলে আমাদের আমেরিকান যোদ্ধারা অরক্ষিত হয়ে পড়ছেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক যুদ্ধের অর্থনীতি পুরোপুরি বদলে গেছে এবং আমেরিকা এই পরিবর্তনের সাথে তাল মেলাতে কিছুটা পিছিয়ে ছিল। পাওয়ারাস-এর প্রযুক্তি এই ঘাটতি পূরণ করবে বলে তিনি আশাবাদী।
ভেলিকোভিচ দাবি করেন, তাদের তৈরি এই ড্রোন প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে আমেরিকান সৈন্যদের জীবন বাঁচানো।
তিনি বলেন, “আমাদের প্রযুক্তি যুদ্ধের গতিধারাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে এবং আমেরিকান যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে।”




Comments