মার্কিন অবরোধ ডিঙিয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে গন্তব্যে ইরানি সুপারট্যাঙ্কার
মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও অবরোধ উপেক্ষা করে প্রায় ২২ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল নিয়ে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি বিশালাকার সুপারট্যাঙ্কার।
রোববার (৩ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাঙ্কারট্র্যাকার্স’ এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, ‘ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানি’র (এনআইটিসি) মালিকানাধীন একটি ভিএলসিসি (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) সুপারট্যাঙ্কার মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে সুদূর প্রাচ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। জাহাজটিতে ১৯ লক্ষ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
‘HUGE’ (আইএমও: ৯৩৫৭১৮৩) নামে চিহ্নিত এই জাহাজটি গত ২০ মার্চ মালাক্কা প্রণালী থেকে যাত্রা শুরু করার পর থেকে তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বা স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বন্ধ করে দেয়। মূলত মার্কিন স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি এড়াতেই জাহাজটি এই সংকেতহীন পদ্ধতি অবলম্বন করে।
ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় আগে শ্রীলঙ্কার উপকূলে জাহাজটিকে সর্বশেষ দেখা গিয়েছিল। বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী পার হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির মধ্যেই এই সুপারট্যাঙ্কারটির সফলভাবে গন্তব্যে পৌঁছানোকে তেহরানের বড় একটি কৌশলগত জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
মার্কিন অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা চললেও বিভিন্ন সময় এভাবেই ইরান বিশ্ববাজারে তাদের জ্বালানি পৌঁছে দিচ্ছে।




Comments