Image description

যুক্তরাষ্ট্রের মতো মোড়লদের ওপর নির্ভরশীলতা কমাতে অনেক দেশই নিজস্ব অস্ত্র উৎপাদনের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে নতুন চমক দিল এশিয়ার দেশ জাপান। প্রতীরক্ষানীতি বদলে অস্ত্র রপ্তানির উদ্যোগ নিয়েছে এশিয়ায় অন্যতম এই পরাশক্তি।

বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহের মাঝে শান্তিকামী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর প্রথমবার প্রতিরক্ষানীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটি।

সামরিক বাহিনীর আধুনিকীকায়নের জন্য নতুন অস্ত্র কিনতে চাচ্ছে উন্নত দেশগুলো। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্ত্র উৎপাদনের বাড়তি চাপ সামলাচ্ছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ দেশগুলো। ফলে সমরাস্ত্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে নতুন প্রতিযোগীরা।

এমন পরিস্থিতিতে অস্ত্র রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান সরকার। স্থগিত করা হয়েছে সামরিক সরঞ্জাম রপ্তানির আইনি সীমাবদ্ধতা। ফলে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র রপ্তানির পথ খুলেছে।

জাপানের এমন উদ্যোগে নড়েচড়ে বসেছে এশিয়ার অনান্য পরাশক্তিরা। বিশ্লেষকরাও বলছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে জাপান। যদিও, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বলছে, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এতদিন পর্যন্ত কেবল উদ্ধারকাজ, পরিবহন আর নজরদারির সরঞ্জাম উৎপাদন করতো জাপান। তবে গোপন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে ফিলিপাইনের সঙ্গে যুদ্ধজাহাজ রপ্তানির চুক্তি করেছে দেশটি।