ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৩টি আসনের মধ্যে ১৯২টিতেই গেরুয়া শিবিরের প্রার্থীরা এগিয়ে থাকায় উচ্ছ্বসিত বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লিখে বার্তা দিয়েছে। তবে এই প্রতিকূল পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়ে তিনি ঘোষণা করেছেন, “আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”
২০২১ সালের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় ‘খেলা হবে’ স্লোগানটি রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই স্লোগানকে কটাক্ষ করেই বিজেপি তাদের ফেসবুক ও এক্স (টুইটার) হ্যান্ডেলে ‘খেলা শেষ’ বার্তাটি পোস্ট করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মাত্র ৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যা বিজেপির তুলনায় প্রায় ১০০ আসন কম।
পরাজয়ের ছায়া ঘনীভূত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় একে বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল হিসেবে অভিহিত করেছেন। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বিজেপি পরিকল্পিতভাবে তাদের এগিয়ে থাকার খবর আগে প্রচার করছে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রাখা হয়েছে। এমনকি কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে, যেখানে ভোটের কোনো মিল নেই।”
তৃণমূল সুপ্রিমো দলীয় কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “মন খারাপ করার কোনো কারণ নেই। মাত্র তিন-চার রাউন্ড গণনা হয়েছে, ১৮-১৯ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন। ওয়েট অ্যান্ড সি।” তিনি আরও অভিযোগ করেন যে, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং সুপরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে বলেন, “নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব এবং শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।” তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে গেরুয়া শিবিরের বিজয় মিছিল ও উল্লাস শুরু হয়ে গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments