পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (৪ মে) জাস্ক বন্দরের কাছে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধজাহাজটিকে থামার জন্য বারবার সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে অগ্রসর হতে থাকলে আইআরজিসি এই হামলা চালায়।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকেই ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক একটি বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার খবর সামনে এলো। এই অভিযান সফল করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইতোমধ্যে ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টির বেশি বিমান, যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে।
এদিকে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌবাহিনী অত্যন্ত দৃঢ়তার সাথে মার্কিন নৌবহরকে হরমুজ প্রণালিতে প্রবেশ করা থেকে বিরত রাখছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments