Image description

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলের শোচনীয় পরাজয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার নিজ আসন ভবানিপুরে পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিজেপি ২০৮টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৭৯টি আসন।

সবচেয়ে বড় চমক দেখা গেছে মমতার নিজস্ব নির্বাচনী কেন্দ্র ভবানিপুরে। ২০ রাউন্ড ভোট গণনার মধ্যে ১৯ রাউন্ড শেষে দেখা গেছে, মমতা ব্যানার্জি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। শেষ রাউন্ডে বড় কোনো অলৌকিক পরিবর্তন না ঘটলে মমতার পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা। পরবর্তীতে ভবানিপুরের উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধানসভার সদস্য হন এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে এবারের নির্বাচনে দলের ভরাডুবির কারণে তার দীর্ঘ শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি আসনে ভোট বাতিল হওয়ায় বাকি ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এই বিশাল জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি।

মানবকণ্ঠ/ডিআর