Image description

রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সামাজিক মাধ্যমে নিজের পরিচয় বা ‘বায়ো’ (Bio) পরিবর্তন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নিজের পরিচিতি বদলে ফেলেছেন তৃণমূল নেত্রী। তবে সেখানে নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হিসেবে উল্লেখ না করে এক অভিনব পন্থায় নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি।

এতদিন প্রোফাইল বায়োতে CM অর্থাৎ Chief Minister লেখা থাকলেও শনিবার দুপুরের পরে সেই লেখায় এল বদল। দেখা গেল, মমতার পরিচিতি প্রসঙ্গে সেখানে লেখা হয়েছে: ‘Founder Chairperson All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন এবং ১৫তম, ১৬তম, ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী।

বিপুল জনাদেশ নিয়ে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। যদিও ভোটের ফল প্রকাশের পরের দিনই সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। তাঁর দাবি ছিল, তিনি হারেননি, তাঁকে ‘অনৈতিক’ ভাবে হারানো হয়েছে। 

গত মঙ্গলবার, ৫ মে কালীঘাটের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করতে অস্বীকার (Mamata Banerjee Refuses to Resign) করেন মমতা। বলেছিলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।’ একই সঙ্গে মমতা নিজেকে ‘ফ্রি বার্ড’ বলে মুক্ত কন্ঠে ঘোষণাও করেন সে দিন। 

কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কমিশনের অফিসারদের নিয়ে বিজেপি ভোট লুট করেছে অভিযোগ করে মমতা সে দিন বলেন, ‘লড়াই তো বিজেপির সঙ্গে হয়নি। কমিশনের সঙ্গে হয়েছে।’ 

এ নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও নিয়ম মেনেই গত বৃহস্পতিবার, ০৭ মে বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ হেভিওয়েটদের উপস্থিতিতে এ দিন ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। 

আর তাঁর শপথ গ্রহণের পরেই দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় বায়োতে বদল ঘটেছে মমতার। যদিও সেখানে তিনি কোথাও ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ বা ‘Ex CM’ শব্দ ব্যবহার করেননি। বদলে উল্লেখ করেছেন, তিনি তিন বারের মুখ্যমন্ত্রী।