Image description

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার বড় ঘোষণা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (BSF) কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

সোমবার (১১ মে) মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।

বিজেপি সরকার তাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা। মুখ্যমন্ত্রী জানান, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকাকে নিশ্ছিদ্র করতে বিএসএফের যে জমি প্রয়োজন ছিল, তা দীর্ঘকাল ধরে ঝুলে ছিল। এখন থেকে ৪৫ দিনের মধ্যে সেই জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা। প্রচারণার সময় বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন, বিদায়ী তৃণমূল কংগ্রেস সরকার ভোটের রাজনীতির স্বার্থে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রেখেছিল।

বিজেপির অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে জমি দিয়ে সহযোগিতা করেনি, যার ফলে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের ভোটার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল বলেও কট্টর হিন্দুত্ববাদী এই দলটি দাবি করে আসছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে, বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই দীর্ঘ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে।