হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বাড়াচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েন করা হচ্ছে ওই অঞ্চলে। সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগর থেকে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে এই জাহাজটি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৯ মে) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে যে বহুজাতিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে, তার অংশ হিসেবেই এইচএমএস ড্রাগনকে পাঠানো হচ্ছে।
এই সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের ঐকমত্য রয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতে বহুজাতিক অভিযান শুরু হলে তার জন্য প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের মুক্ত চলাচলের অধিকার রক্ষায় যুক্তরাজ্য পুরোপুরি প্রস্তুত।’
উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই প্রণালি বন্ধ করে দেয়। পরে ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। উভয়পক্ষের পাল্টাপাল্টি অবরোধের কারণে প্রণালিটি এখনও বন্ধ রয়েছে।




Comments