Image description

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। ভোটে পরাজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ হারালেও তাঁর নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশ দেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে একই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'জেড প্লাস' (Z+) নিরাপত্তা পুনর্বিবেচনা বা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, রাজ্যের ভিআইপিদের নিরাপত্তা নিয়ে আলোচনার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। শুভেন্দু অধিকারী পুলিশ কর্মকর্তাদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল বিরোধী দলীয় নেত্রী নন, তিনি দীর্ঘদিন এ রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেছেন। একইসাথে তিনি একজন বর্ষীয়ান রাজনীতিক। তাই তাঁর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব এবং এক্ষেত্রে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না।

অন্যদিকে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচ্চস্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সাধারণত একজন সাংসদের ক্ষেত্রে 'জেড প্লাস' নিরাপত্তার প্রয়োজন আছে কি না—তা নতুন করে খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, সাধারণ নিয়মে সাংসদদের এই স্তরের নিরাপত্তা দেওয়া হয় না।

উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে নিরাপত্তা কিছুটা কমানো হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম প্রশাসনিক কর্মদিবসেই মমতার নিরাপত্তা অটুট রাখার নির্দেশ দিয়ে রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন শুভেন্দু অধিকারী।

মানবকণ্ঠ/আরআই