Image description

দীর্ঘদিন ধরে চলমান শুল্ক সংক্রান্ত জটিলতা ও বাণিজ্যিক উত্তেজনা কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল আমদানিতে সম্মত হয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে দুই পরাশক্তির বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন শুধু মার্কিন তেল কিনতেই রাজি হয়নি, বরং দেশটির ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কোম্পানিগুলোর আরও বড় পরিসরে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

ট্রাম্প আরও জানান, তিনি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভিসা কার্ডসহ বিভিন্ন মার্কিন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের বিষয়টি বিশেষভাবে উত্থাপন করেছেন। বেইজিংয়ের বিশাল আর্থিক বাজারে মার্কিন কার্ডগুলোর ব্যবসার সুযোগ বাড়ানোর বিষয়ে তিনি জোরালো দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ট্রাম্প প্রশাসন চীনের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করার পর দুই দেশের বাণিজ্য যুদ্ধে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। এর প্রভাবে চীন যুক্তরাষ্ট্র থেকে তেল এবং সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছিল। এর বদলে চীন সয়াবিনের জন্য ব্রাজিলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়।

সূত্র: ইন্ডিয়া টাইমস।

মানবকণ্ঠ/ডিআর