১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। তবে স্বাধীনতার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ১৪ আগস্ট রাতেই। এর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক কারণের পাশাপাশি জ্যোতিষীদের আপত্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ইতিহাসের বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে।
ভারতের স্বাধীনতার তারিখ নির্ধারণ করেছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড লুই মাউন্টব্যাটেন। প্রথমে ১৯৪৮ সালের জুনে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও তিনি তা এগিয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট নির্ধারণ করেন। মাউন্টব্যাটেনের কাছে দিনটির বিশেষ গুরুত্বও ছিল। ১৯৪৫ সালের এই দিনেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিল।
কিন্তু স্বাধীনতার তারিখ ঘোষণার পর ভারতীয় জ্যোতিষীদের মধ্যে শুরু হয় আপত্তি। বারাণসী, কলকাতা ও দক্ষিণ ভারতের জ্যোতিষীরা হিসাব করে জানান, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার জন্য শুভ দিন নয়।
ইতিহাসবিদ রামচন্দ্র গুহর বর্ণনা অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ছিল শুক্রবার। জ্যোতিষশাস্ত্রের হিসাবে দিনটিকে অনুকূল মনে করা হয়নি। কলকাতার জ্যোতিষী স্বামী মদনানন্দ সূর্য, চন্দ্র, গ্রহ ও নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে সতর্ক করেছিলেন যে ওই দিনে স্বাধীনতা নিলে দেশ নানা বিপর্যয়ের মুখে পড়তে পারে।
জ্যোতিষীদের পরামর্শ ছিল, ১৪ আগস্ট দিনটি তুলনামূলকভাবে বেশি শুভ। কিন্তু মাউন্টব্যাটেনের ঘোষণার পর স্বাধীনতার তারিখ পরিবর্তন করা আর সম্ভব ছিল না। দেশভাগ ও ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিও তখন চূড়ান্ত পর্যায়ে।
তাই তারিখ না বদলে সময় পরিবর্তনের একটি সমঝোতা করা হয়। ১৪ আগস্ট রাতে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন বসে এবং তা গড়ায় মধ্যরাত পর্যন্ত। এর ফলে আনুষ্ঠানিকভাবে ১৫ আগস্টের সূচনালগ্নে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়।
সেই ঐতিহাসিক মুহূর্তেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর বিখ্যাত ‘ট্রিস্ট উইথ ডেস্টিনি’ ভাষণ দেন। মধ্যরাতের সেই মুহূর্তকে তিনি ভারতের স্বাধীনতার নতুন যাত্রার প্রতীক হিসেবে তুলে ধরেন।
অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন ছিল ১৫ আগস্ট, কিন্তু স্বাধীনতার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ১৪ আগস্ট রাতেই। রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জ্যোতিষীদের আপত্তির বিষয়টিও এ সময়ের ইতিহাসে একটি কৌতূহলোদ্দীপক অধ্যায় হয়ে আছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএস

