সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা অঞ্চলে দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কা এবং পরবর্তীতে যানজটে আটকে থাকা যানবাহনে আছড়ে পড়ার ফলে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতের দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেন। এরপর ট্রাক দুটি ছিটকে গিয়ে সড়কে যানজটে আটকে থাকা কয়েকটি গাড়ির ওপর ওপর আছড়ে পড়ে। এ সময় একটি ট্রাকে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ১৪ জনের মধ্যে আরব আমিরাতের নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
অন্যদিকে আহতদের মধ্যে আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আল-জাজিরা

