পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের বিশেষ ওএমএস (Open Market Sale) কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন পোশাকশ্রমিকরা। নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগে ৩ মাসের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ এই ওএমএস কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আজ শুক্রবার থেকে ঢাকা মহানগর ও জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে খোলা ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। মজুত থাকা সাপেক্ষে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০টা এবং বিকেল ২:৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি চলবে।
প্রকৃত শ্রমিকদের কাছে চাল পৌঁছানো নিশ্চিত করতে নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র (ID Card) প্রদর্শন এবং কারখানার মাস্টার রোলে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পরিচালিত হবে। যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের জেরে গত ১ নভেম্বর পোশাক খাতের জন্য অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

