সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারের পর ছয় নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
সামাজিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সর্বশেষ এ অভিযান চালানো হয়।
তবে গ্রেপ্তার হওয়া নারীদের পরিচয়, জাতীয়তা কিংবা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য শাস্তির বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: সৌদি গেজেট
এনএ

