মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দেশটিতে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। এরই অংশ হিসেবে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন রুশ বিজ্ঞানীরা।
গবেষণার আওতায় দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণ করে বিশেষ নমুনা ব্যাংক গড়ে তোলা হচ্ছে। এসব নমুনা বিশ্লেষণের মাধ্যমে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজছেন গবেষকেরা।
রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরের রক্তের নমুনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
রুশ প্রেসিডেন্টের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের সঙ্গে এ গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তাঁরা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব হতে পারে, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন।
তবে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। মানুষের বার্ধক্য ধীর করার জন্য জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদনের মতো বিষয় নিয়েও কাজ চলছে। এসব উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘায়ু গবেষণার পরিধি বাড়াচ্ছে রাশিয়া।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও অন্তঃস্রাব বিশেষজ্ঞ মারিয়া ভরোন্তসোভা এবং কোভালচুকের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।
রাশিয়ার এ গবেষণা উদ্যোগের পেছনে রাজনৈতিক নেতৃত্বের আগ্রহও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ দেশটির রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকারগুলোর একটি হয়ে উঠেছে। তবে গবেষণার ঘোষণা ও বাস্তব বৈজ্ঞানিক সাফল্যের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের উদ্যোগের অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র ও পরীক্ষিত ফলাফল এখনো সীমিত।
বিজ্ঞানীদের মতে, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া বোঝা মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় সহায়ক হতে পারে। তবে বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি সমতা টানা যায় না। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে—এমন নিশ্চয়তা নেই। মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো কিংবা অমরত্ব অর্জনের ধারণার পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।
ফলে পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং রাশিয়ার সাত হাজার বানর নিয়ে গবেষণা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করলেও এর প্রকৃত বৈজ্ঞানিক সাফল্য জানতে অপেক্ষা করতে হবে গবেষণার ফলাফলের জন্য।
সূত্র: ফার্স্ট পোস্ট।
এনএ

