হাঙ্গেরিতে সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে জঙ্গল, গুদাম ও বাড়িসহ বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছেন কর্মকর্তারা। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা। এসব টাকা গুনতে ১২ জন কর্মীর সময় লেগেছে প্রায় আট ঘণ্টা।
হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশটির চারটি এলাকায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। কৃষি খামারের ভবন, গুদাম, একটি বাড়ি এবং নির্জন স্থানে রাখা মূল্যবান সিন্দুক থেকে এসব অর্থ পাওয়া যায়। এমনকি জঙ্গলের মাটির নিচেও পুঁতে রাখা হয়েছিল টাকা।
তদন্তকারী সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কর্মকর্তারা জঙ্গলে মাটি খুঁড়ে টাকা বের করছেন। পরে উদ্ধার করা অর্থের স্তূপ পরীক্ষা করা হয়। সব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, উদ্ধার করা টাকা গুনতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।
সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ
সাবেক মন্ত্রী মিকলোস সেসতাকের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এসব অর্থ উদ্ধার করা হয়েছে। তিনি ভিক্টর অরবানের সরকারের আমলে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তদন্তকারীদের সন্দেহ, সরকারি পরিবহন সংস্থার জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে তিনি ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও অবৈধ কমিশন নিয়েছেন।
গত সেপ্টেম্বরে তাঁকে আটক করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সেসতাক।
অরবানের ১৬ বছরের শাসনের পর দুর্নীতির তদন্ত
হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি ও ইউরোপপন্থি তিসা পার্টি গত এপ্রিলে নির্বাচনে জয়ী হয়। এর মধ্য দিয়ে ভিক্টর অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
হাঙ্গেরিতে দুর্নীতির অভিযোগে সাবেক সরকারের আরও কয়েকজন মন্ত্রীকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জর্জ মাতোলচিকেও গ্রেপ্তার করা হয়েছে।
তবে অরবান অভিযোগ করেছেন, নতুন সরকার তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এসব তদন্তকে ব্যবহার করছে।
সূত্র: আল-জাজিরা।

