জার্মানিতে উচ্চশিক্ষায় ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে নতুন পদক্ষেপ নিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Consular Services Portal)। এর মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা অনলাইনে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
ডিজিটাল এই কনস্যুলার পোর্টালে আবেদনকারীরা বেশ কিছু সুবিধা পাবেন। সুবিধাগুলো হলো:
অনলাইন আবেদন ও নথি আপলোড: দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে।
প্রাথমিক যাচাই: ভিএফএস (VFS)-এর মাধ্যমে আবেদনের কাগজপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুবিধা থাকবে।
দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ও বায়োমেট্রিক: নির্ধারিত দিনে বায়োমেট্রিক তথ্য প্রদান, ভিসা ফি পরিশোধ এবং চূড়ান্ত কাগজপত্র যাচাই সম্পন্ন হবে।
আবেদনের অগ্রগতি ট্র্যাকিং: ডিজিটালি লগইন করে যেকোনো সময় আবেদনের সর্বশেষ অবস্থা বা অগ্রগতি জানা যাবে।
যৌথ আবেদন: নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগ থাকবে।
নতুন ব্যবস্থা চালুর কারণে পুরোনো নিয়মে ইতোমধ্যে যাঁরা ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় নিবন্ধিত আছেন, তাঁদেরও নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে। নতুন এই পরিবর্তনের ফলে আবেদন নিষ্পত্তির গতি ও দূতাবাসের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

