জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার অভিজ্ঞ কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একজনের বিরোধিতার কারণে তাঁর চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচিত হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করতে না পারলে বিশ্বসংস্থাটির শীর্ষ পদে তাঁর আসীন হওয়ার পথ কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন ৭০ বছর বয়সী রেবেকা গ্রিনস্প্যান। সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটেও তিনি ১২টি 'উৎসাহব্যঞ্জক' (Encourage) ভোট পেয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। নির্বাচিত হলে তিনিই হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব।
বর্তমানে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (UNCTAD) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তাঁর উত্তরসূরি হওয়ার এই প্রতিযোগিতায় গ্রিনস্প্যানসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নিয়ম অনুযায়ী, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যেকোনো একটি দেশের ভেটো তাঁর প্রার্থিতা আটকে দিতে পারে। গোপন ব্যালটের কারণে ঠিক কোন দেশ তাঁর বিরোধিতা করছে, তা এখনও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কূটনৈতিক সাফল্য ও ভূরাজনৈতিক সমীকরণ
দীর্ঘ ও বর্ণাঢ্য কূটনৈতিক অভিজ্ঞতা গ্রিনস্প্যানের সবচেয়ে বড় শক্তি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার মধ্যেও কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চালু রাখতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ঐতিহাসিক চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই চুক্তির আওতায় এক বছরে বিশ্ববাজারে প্রায় ৩ কোটি ২০ লাখ টন শস্য রপ্তানি সম্ভব হয়েছিল। তবে পরবর্তীতে চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার প্রকাশ্য সমালোচনা করায় মস্কোর পক্ষ থেকে ভেটো আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতেও তাঁর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। পোলিশ ইহুদি শরণার্থী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও গ্রিনস্প্যান গাজায় যুদ্ধবিরতির জোরালো আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে আঙ্কটাডের বিভিন্ন প্রতিবেদনে ফিলিস্তিনি অর্থনীতির ওপর ইসরায়েলি দখলদারত্ব ও বিধিনিষেধের নেতিবাচক প্রভাব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ট্রাম্প প্রশাসন ও সংস্কারের চ্যালেঞ্জ
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে জাতিসংঘের অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রার্থী হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সংস্কারের বিষয়ে আশ্বস্ত করাই হবে গ্রিনস্প্যানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ট্রাম্প বরাবরই জাতিসংঘের বর্তমান কাঠামো ও কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে সংস্থাটিকে ঢেলে সাজানো ও সংস্কারের বিষয়ে গ্রিনস্প্যানের পরিকল্পনা ওয়াশিংটনের প্রত্যাশার সঙ্গে কতটা মেলে, তার ওপরই তাঁর প্রার্থিতার ভাগ্য অনেকাংশে নির্ভর করছে।
নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে রেবেকা গ্রিনস্প্যান বলেছেন, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘকে আরও সাহসী হতে হবে এবং কার্যকর পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। তাঁর মতে, কূটনৈতিক আলোচনায় একাধিক উদ্যোগ ব্যর্থ হলেও বিশ্বশান্তি প্রতিষ্ঠার চেষ্টা কোনোভাবেই থামানো যাবে না।
সূত্র: আল-জাজিরা।
ডিআর




