ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে দেশটির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সময়ে ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে আলোচনা চলছে। এ নিয়ে তেহরানেও উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার ধারণা, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দেওয়া সম্ভব হলে দেশটির অবশিষ্ট নেতৃত্ব যুদ্ধ বন্ধের বিষয়ে চাপের মুখে পড়তে পারে। তবে প্রশাসনের অন্য কর্মকর্তারা এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটির পক্ষ থেকে পাল্টা প্রতিশোধের ঝুঁকি বাড়বে। পাশাপাশি যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথও কঠিন হয়ে উঠতে পারে।
এদিকে, বৃহস্পতিবার ইরান থেকে ছেড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটির চলাচলের সক্ষমতা নষ্ট করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, জাহাজটি ইরানের বন্দর থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটির নাম ‘এমভি প্যাসিফিক আর্চার’। পালাউয়ের পতাকাবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাস থেকে যাত্রা শুরু করেছিল। ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় মার্কিন সামরিক বাহিনী জাহাজটির পেছনের অংশে নির্ভুল নিশানায় হামলা চালায়। এতে জাহাজটি চলাচলের সক্ষমতা হারায়। তবে বেসামরিক নাবিকদের কেউ আহত হননি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও বাণিজ্যে অনিশ্চয়তা বাড়ছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের আলোচনা এবং বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তথ্যসূত্র: এনবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
বিএইচ





