হজের তিনটি ফরজের মধ্যে ইহরাম বাঁধা একটি গুরুত্বপূর্ণ ফরজ। ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেওয়া। ওমরাহ বা হজ গমনেচ্ছুক ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের ওপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। সুনির্দিষ্ট কতগুলো মিকাত থেকে ইহরাম বাঁধতে হয়।
দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে দিয়ে সেলাইহীন সাদা চাদর ও একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করা। দৈনন্দিন ব্যবহার্য তথা আড়ম্বরপূর্ণ সব কাজ পরিত্যাগ করে দ্বীন ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে হাজির দেওয়া ইহরামের প্রধানতম প্রকাশ।
ইহরামের পরিচয়
আরবি ‘ইহরাম’ শব্দটি ‘হারাম’ শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো কোনো জিনিসকে নিজের ওপর হারাম বা নিষিদ্ধ করে নেওয়া। আর এ ইহরামই হজ ও ওমরার প্রথম ফরজ কাজ। পুরুষদের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় আর নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করাই হলো ইহরাম। ইহরাম অবস্থায় কোনো প্রকার সুগন্ধি, আতর, তেল ও সাবান ব্যবহার না করা, আচকান, জামা, পায়জামা, প্যান্ট, গেঞ্জি ইত্যাদি কোনো ধরনের সেলাই করা পোশাক ও পা ঢেকে যায় এমন জুতা পরিধান না করে অবস্থান করতে হয়।
ইহরাম কেন পড়তে হয়
এ কারণেই হজ ও ওমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের ওপর স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচের ক্ষৌর কর্যাদি, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করাসহ কিছু বিষয়কে হারাম করে নেয়। প্রকাশ থাকে যেÑউল্লেখিত কাজগুলো পাশাপাশি ‘হজ ও ওমরা’ এ দুটির মধ্যে যেটি আদায় করার ইচ্ছা করবে; তার নিয়ত করে চার ভাগে উচ্চ স্বরে তিনবার তালবিয়া পাঠ করাকেই ইহরাম বলে।
ইহরামের প্রয়োজনীয়তা
নামাজের জন্য যেমন তাকবিরে তাহরিমা বাধা হয়। তেমনি হজের জন্য ইহরাম বাঁধা হয়। তাকবিরে তাহরিমার দ্বারা স্বাভাবিক অবস্থার হালাল ও বৈধ কাজগুলো নামাজি ব্যক্তির জন্য নামাজ আদায়ের সময় হারাম হয়ে যায়। ঠিক ইহরামের মাধ্যমেই হজ ও ওমরা পালনকারী ব্যক্তির জন্যও স্বাভাবিক অবস্থার অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এ কারণেই হজ ও ওমরার জন্য ইহরামে ফরজ করা হয়েছে। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সব হজ ও ওমরা পালনকারীকে সঠিকভাবে ইহরাম বাঁধার ও ইহরাম বাঁধার করণীয় সম্পর্কে জানার তওফিক দান করুন।

