নিজস্ব ‘এক্স-এআই’-এর মডেল প্রশিক্ষণের জন্য টুইটারে করা পাবলিক পোস্টের তথ্যকে ব্যবহার করবেন ইলন মাস্ক। এর আগে ‘ওপেনএআই’ এবং গুগলকে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণের জন্য তথ্য সংগ্রহের বিষয়টির সমালোচনা করেছিলেন ইলন মাস্ক। তিনি জানিয়েছিলেন মানুষের ঝুঁকির কথা চিন্তা না করে কাজটি করা হচ্ছে।
‘টেসলা হিরো ব্যানার’ এবং টুইটারের মাধ্যমে ইলন মাস্কে এই এক্স-এআইকে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মাইক্রোসফট, গুগল এবং ওপেনএআইর বিকল্প হিসেবে ‘ভালো এজিআই’ তৈরির ব্যবস্থা খুঁজছেন বলে জানিয়েছিলেন মাস্ক। শুক্রবার তিনি জানান, ‘বিশ্বকে বোঝার জন্য’ নতুন এক্স-এআইকে তৈরি করা হচ্ছে।
৯০ মিনিটের ‘টুইটার স্পেস’ অডিও চ্যাটে আলোচনাকালে মাস্ক পৃথিবীর ক্রমাগত উন্নয়ন এবং সমাজের দুর্বলতার বিষয় নিয়ে প্রথমবারের মতো আলোচনা করেন। এই বিষয়ে আলোচনাকালে কিছুটা কৌতুক করেই মাস্ক বলেন, ‘কী সব কার্যক্রম চলছে বিশ্বজুড়ে তা জানাটাই এক্স-এআইর মূল লক্ষ্য।
মানুষের ঝুঁকির বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ওপেনএআই এবং গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করা কার্যক্রমের সমালোচনা করে বুধবার প্রথমবারের মতো এক্স-এআই নির্মাণের কথা ঘোষণা করেন ইলন মাস্ক।
তিনি বলেন, আর্টিফিশিয়াল জেনারেল ইনফরমেশন বা সংক্ষেপে এজিআই বলতে মূলত এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায় যা কোনো সমস্যাকে মানুষের মতো সমাধান করতে সক্ষম হবে। তিনি জানান, ‘এক্স-এআই’ তেমনি একটি ভালো এজিআই তৈরির চেষ্টা করছে যান মাইক্রোসফট, গুগল এবং ওপেনএআইর বিকল্প হিসেবে কাজ করতে সক্ষম হবে।
ইলন মাস্কের টুইটার স্পেস সেশনটি বেশ দেরি করে শুরু হয়। কেননা ‘টুইক দ্য অ্যালগরিদম’-এর কারণে এই সেশন শুরুর আগে অনেক মানুষের কাছে পৌঁছাতে কিছু সময় লাগে। ‘এক্স-এআই’ তার অন্য দুটি প্রতিষ্ঠান ‘টুইটার’ এবং ‘টেসলা’র সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত
থাকবে বলে জানান তিনি। এই কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি ক্ষেত্রে পাবলিক টুইট থেকে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি টেসলার সঙ্গে কাজ করবে এক্স-এআই।
এ ধরনের সম্পর্ক ‘পরস্পরের জন্য সুবিধাজনক’ এবং টেসলার স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করবে বলে জানান মাস্ক। অন্যান্য প্রতিষ্ঠান যারা টুইটারের তথ্যের ওপর ভিত্তি করে তাদের নিজ নিজ কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিচ্ছে তা ‘অবৈধ’ বলে মন্তব্য করেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রিত ব্যবহারের পক্ষে থাকা ইলন মাস্ক জানান, হোয়াইট হাউসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নীতি নির্ধারণ কার্যক্রম বিষয়ে আলোচনার জন্য বৈঠকের বিষয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে চীনের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নীতি নির্ধারণে বৈঠক করেছেন তিনি।
টেসলার প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছিলেন, পারমাণবিক যুদ্ধের চেয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা বিপজ্জনক হতে পারে। তার অন্যতম উদ্বেগ হচ্ছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানব কর্মীর জায়গা নিয়ে নেবে। এ ছাড়াই স্কাই নেটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় সিদ্ধান্ত নেবে মানুষের আর কোনো প্রয়োজন নেই।
এরপর ২০২০ সালের আগস্টে মাস্ক বলেছেন, ‘এক দশক ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদের কথা বলে যাচ্ছি।’ মাস্ক সতর্ক করে এ সময় বলেন, যেসব স্মার্ট লোক মনে করে তাদের যন্ত্র কখনো বোকা বানাতে পারবে না তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের পথে আসা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো চাতুরী থেকে সুরক্ষার প্রভাব কমাচ্ছে। এআই কোথায় যাচ্ছে সে সম্পর্কে আমাদের উদ্বেগ জানানো উচিত। যারা বেশি স্মার্ট তাদেরই এআই নিয়ে বেশি ভুল করতে দেখি। কারণ তারা ভাবতে পারে না, তাদের চেয়ে কম্পিউটারের বুদ্ধি বেশি হতে পারে। তাদের যুক্তির এখানেই বড় ত্রুটি। তারা নিজেদের যতটাই স্মার্ট ভাবে আসলে তারা তার চেয়ে বোকা বেশি। এবার তার ‘এক্স-এআই’ নির্মাণের ঘোষণায় তাই বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগযোগমাধ্যমে।
সময়ের আলো/আরএস

