দেশের বিভিন্ন স্থানে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া এখন পর্যন্ত বিজ্ঞানের অসাধ্য। তবে কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে বা তাৎক্ষণিকভাবে স্মার্টফোনে সতর্কবার্তা পাওয়ার প্রযুক্তি এখন হাতের মুঠোয়। গুগলের ‘আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ এবং কিছু বিশেষায়িত অ্যাপ ব্যবহার করে এই সুবিধা পাওয়া সম্ভব।
স্মার্টফোনে কীভাবে এই অ্যালার্ট পাবেন এবং কোন অ্যাপগুলো ব্যবহার করবেন, তা নিচে তুলে ধরা হলো:
গুগলের ‘আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ কীভাবে কাজ করে?
২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ফোনে এই প্রযুক্তি চালু করে। এটি মূলত প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনকে একটি ছোট ‘সিসমোমিটার’ বা কম্পন মাপক যন্ত্র হিসেবে ব্যবহার করে। স্মার্টফোনের ভেতরে থাকা ‘অ্যাক্সিলোমিটার’ সেন্সর মাটির কম্পন শনাক্ত করলে সেই সংকেত দ্রুত গুগলের সার্ভারে পাঠায়। সার্ভার যখন একই এলাকা থেকে অসংখ্য ফোনের সংকেত পায়, তখন নিশ্চিত হয়ে ওই এলাকার বা আশপাশের ব্যবহারকারীদের ফোনে উচ্চশব্দে সতর্কবার্তা বা নোটিফিকেশন পাঠায়।
এতে ভূমিকম্পের সম্ভাব্য উৎপত্তিস্থল, মাত্রা এবং নিরাপদ আশ্রয়ের নির্দেশনাও থাকে।
অ্যান্ড্রয়েড ফোনে অ্যালার্ট চালু করবেন যেভাবে
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটি থাকলেও অনেক সময় তা বন্ধ (Off) থাকে। এটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ফোনের Settings-এ যান।
Safety & Emergency (অথবা Location > Advanced) অপশনে প্রবেশ করুন।
Earthquake Alerts অপশনটিতে ক্লিক করে সেটি On করে দিন।
(দ্রষ্টব্য: এই সুবিধা পেতে ফোনে ইন্টারনেট সংযোগ এবং লোকেশন চালু রাখা জরুরি)
জনপ্রিয় আরও কিছু অ্যাপ
গুগলের নিজস্ব সিস্টেম ছাড়াও ভূমিকম্পের তথ্য ও সতর্কবার্তা পেতে নিচের অ্যাপগুলো ব্যবহার করতে পারেন।
মাই আর্থকোয়েক অ্যালার্টস (My Earthquake Alerts)
বিশ্বব্যাপী এক কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে জনপ্রিয় এই অ্যাপটি বেশ কার্যকর। এতে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক কম্পনের তথ্য, সুনামির সতর্কতা এবং বিগত ভূমিকম্পের ইতিহাস দেখার সুবিধা রয়েছে।
সুবিধা: ব্যবহারকারী নিজের লোকেশন অনুযায়ী কাস্টমাইজড অ্যালার্ট সেট করতে পারেন।
প্রাপ্তিস্থান: গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়।
মাইশেক (MyShake)
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর গবেষকদের তৈরি এই অ্যাপটি বিজ্ঞানসম্মতভাবে বেশ নির্ভরযোগ্য। এটি স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে কম্পন শনাক্ত করে এবং ব্যবহারকারীকে সতর্ক করে।
বৈশিষ্ট্য: এটি কেবল সতর্কই করে না, বরং ব্যবহারকারীদের তথ্য গবেষণায় কাজে লাগিয়ে ভূমিকম্প মোকাবিলায় বিজ্ঞানীদের সহায়তা করে। বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ মানুষ বর্তমানে এটি ব্যবহার করছেন।
প্রযুক্তি পুরোপুরি সুরক্ষা দিতে না পারলেও, কয়েক সেকেন্ডের আগাম সতর্কতা আপনাকে নিরাপদ স্থানে সরে যেতে বা মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করতে পারে।

