Image description

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিতে পাম্পে পাম্পে ঘুরে তেল না পাওয়া এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি দূর করতে প্রযুক্তির দারুণ এক সমাধান নিয়ে এসেছেন তরুণ প্রকৌশলী সজিব খান। তার তৈরি ‘তেল কই’ নামক একটি ওয়েব-অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই জানা যাবে কোন পাম্পে তেল মজুত আছে এবং কোথায় ভিড় কেমন।

এই সময়োপযোগী প্ল্যাটফর্মটি তৈরি করেছেন সজিব খান। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘পাঠাও লিমিটেড’-এ ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

অ্যাপটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:
১. তাৎক্ষণিক তথ্য: কোনো পাম্পে বর্তমানে তেল আছে নাকি শেষ হয়ে গেছে, তা ম্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানা যাবে।
২. লাইনের খবর: পাম্পে গাড়ির ভিড় বা লাইনের দৈর্ঘ্য কেমন, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
৩. কমিউনিটি সাপোর্ট: এটি একটি জন অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম। অর্থাৎ, সাধারণ চালক বা ব্যবহারকারীরা নিজেরাই কোনো পাম্পের তেলের অবস্থা বা দাম সম্পর্কে তথ্য আপডেট করতে পারেন।
৪. বিস্তৃতি: ইতোমধ্যে সারা দেশের প্রায় ২৮৭টি পেট্রোল পাম্পের তথ্য এই অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘তেল কই’ একটি ওয়েব-ভিত্তিক অ্যাপ। ফলে আলাদা করে ডাউনলোড করার ঝামেলা নেই। স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার—যেকোনো ডিভাইসের ব্রাউজার থেকে সহজেই এটি ব্যবহার করা সম্ভব।

সাম্প্রতিক সময়ে জেন-জি (Gen-Z) প্রজন্মের তরুণরা নাগরিক সমস্যা সমাধানে প্রযুক্তির চমৎকার ব্যবহার দেখাচ্ছেন। চাঁদাবাজি রোধে ‘চান্দাওয়াচ’ কিংবা ইফতারের খোঁজে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপের পর ‘তেল কই’ অ্যাপটিও সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণদের এমন উদ্ভাবনী প্রচেষ্টা দেশের পরিবহন খাতের বিশৃঙ্খলা ও জনভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/আরআই