বাংলাদেশের বাজারে মিতসুবিশি মোটরস-এর একমাত্র অনুমোদিত পরিবেশক র্যাংগস লিমিটেড নিয়ে এল নতুন চমক। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত 'ঢাকা মোটর শো ২০২৬'-এর ৪ নম্বর হলে মিতসুবিশির মেগা প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে ৭ আসনের প্রিমিয়াম এসইউভি ‘অল-নিউ মিতসুবিশি ডেস্টিনেটর’।
আধুনিক পরিবারের চাহিদার কথা মাথায় রেখে মিতসুবিশির নির্ভরযোগ্যতা, উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে গাড়িটি তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুইদুর রহমান তানভীর বলেন, "নতুন ডেস্টিনেটর দেশের এসইউভি বাজারে ‘গেম-চেঞ্জার’ হতে পারে। দুর্দান্ত পারফরম্যান্স, ব্যবহারিক সুবিধা ও প্রিমিয়াম আরামের কারণে এটি দ্রুতই গ্রাহকদের মন জয় করবে।" তিনি আরও জানান, গাড়িটিতে ১.৫ লিটারের ইঞ্জিন ব্যবহার করায় এটি দেশের কর কাঠামোতেও ক্রেতাদের জন্য বেশ সুবিধাজনক হবে।

প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, পরিবারের সবার সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই গাড়িতে প্রশস্ত কেবিন, ইয়ামাহার অডিও সিস্টেম এবং উন্নত কুলিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা প্রতিটি ভ্রমণকে করবে আরও আনন্দদায়ক।
ইঞ্জিন ও পারফরম্যান্স: নতুন এই মিতসুবিশি ডেস্টিনেটরে রয়েছে ১ হাজার ৪৯৯ সিসির ১.৫ লিটার টার্বোচার্জড মেভিক ইঞ্জিন। এটি ১৬৩ পিএস শক্তি এবং ২৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য এতে সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে।
আকর্ষণীয় ফিচার ও প্রযুক্তি: গাড়ির অন্দরমহল সাজানো হয়েছে কালো ও মেরুন রঙের ডুয়েল-টোন প্রিমিয়াম কেবিন দিয়ে। এতে রয়েছে প্যানোরামিক সানরুফ এবং হিট গার্ড প্রযুক্তির আরামদায়ক সিনথেটিক লেদার সিট। প্রযুক্তির দিক থেকে গাড়িটি বেশ আধুনিক; এতে আছে ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে (ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সুবিধাসহ), ৮ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইয়ামাহার ৮ স্পিকারের সাউন্ড সিস্টেম। পেছনের যাত্রীদের জন্য আলাদা সিলিং এসি ভেন্ট এবং ন্যানোই এক্স এয়ার পিউরিফিকেশন সিস্টেমও রাখা হয়েছে।
নিরাপত্তা ও বাহ্যিক রূপ: নিরাপত্তার ক্ষেত্রেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শক্তিশালী মনোকক বডি স্ট্রাকচারের পাশাপাশি এতে রয়েছে ৬টি এয়ারব্যাগ, অ্যাকটিভ ইয়াক কন্ট্রোল এবং ফরওয়ার্ড কলিশন মিটিগেশন সিস্টেম। বাহ্যিক সৌন্দর্যে ডায়নামিক শিল্ড ডিজাইন, টি-শেপ এলইডি লাইট ও ১৮ ইঞ্চির অ্যালয় হুইল ডেস্টিনেটরকে দিয়েছে এক স্পোর্টি ও প্রিমিয়াম লুক।
মানবকণ্ঠ/আরআই




Comments