দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান।
আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
আবেদনে বলা হয়, আইন–বিধি অনুযায়ী মোহাম্মদ এজাজের বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রসঙ্গে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি (মোহাম্মদ এজাজ) দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
এর আগে, গত সোমবার (২৬ জানুয়ারি) ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঠিকাদারি কাজের মাধ্যমে কমিশন গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।
গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেয়। এর পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে।




Comments