জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি হতে যাচ্ছে তৃতীয় কোনো মামলার রায়। এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন (৫ ফেব্রুয়ারি) ধার্য করেছিলেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। তারও আগে ১৪ ও ১৫ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান।
এই মামলায় এখন পর্যন্ত আটজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক সংসদ সদস্য সাইফুলসহ আরও আটজন আসামি এখনো পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। শুনানিকালে উপস্থিত আট আসামির মধ্যে সাতজন নিজেদের নির্দোষ দাবি করলেও দোষ স্বীকার করেন এসআই শেখ আবজালুল হক। পরবর্তীতে তিনি রাজসাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments