Image description

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বর্তমান গতিতেই চলবে এবং এ বিষয়ে বর্তমান সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থন বা ‘সবুজ সংকেত’ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, “ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে, সেভাবেই চলবে। বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি, বিচার কাজে কোনো বাধা নেই।”

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বি ও শহীদ তানহার বাবা। তাঁরা সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে তাঁদের সন্তানদের নির্মম মৃত্যুর বর্ণনা তুলে ধরেন। আদালতে শহীদের পিতাদের এই জবানবন্দি এক শোকাতুর পরিবেশের সৃষ্টি করে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের একটি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এছাড়া গাজীপুরে গুম করে হত্যার আরেকটি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

শহীদ পরিবারের বিচার পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা আর ট্রাইব্যুনালের এই কার্যক্রম জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর