Image description

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন যুক্তরাজ্যের লন্ডনে থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। অর্থপাচারের এই অভিযোগটি বর্তমানে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স তদন্ত করছে। তদন্তের স্বার্থে এসব সম্পদ দ্রুত জব্দ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করে দুদক।

তদন্তকারী দলের উদ্ধার করা নথিপত্রের মধ্যে রয়েছে—বিদেশে সম্পত্তি ক্রয়ের চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ, চেক ও ভাউচার। আদালতের নজরে আনা তালিকায় দেখা যায়, লন্ডনের বিলাসবহুল মেরিলিবোন স্কয়ারে ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিটের তথ্য রয়েছে। এছাড়াও হারো, স্লফ এবং প্রেস্টনসহ যুক্তরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তার আরও সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

আদালতের এই আদেশের ফলে বিদেশের মাটিতে পাচার করা সম্পদ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মানবকণ্ঠ/ডিআর