Image description

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সোমবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এই চিঠিটি প্রদান করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ক্রান্তিলগ্নে কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও তিনি কোনো ব্যবস্থা নেননি এবং এখন পর্যন্ত এই বিষয়ে অনুতপ্ত হয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা অবস্থান স্পষ্ট করেননি।
ব্যারিস্টার শাহরিয়ার কবির চিঠিতে অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকেই অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি তাঁর পদের শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আইনি অধিকার হারিয়েছেন।
চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সেখানে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
চিঠিতে আইনজীবী আরও উল্লেখ করেন, এই অনুরোধটি কেবল তাঁর ব্যক্তিগত নয়, বরং এটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসা সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর সুবিধামতো আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই