Image description

গাজীপুর জেলার জয়দেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। 

ডিএনসি সূত্রে জানা যায়, জয়দেবপুরের শিরিরচালা বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী ‘আলম এশিয়া’ নামের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে থামানো হয়। বাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তি মো. এমদাদুল হক (৩৬)–কে আটক করা হয়।

সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি করে তার কাছে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে সংরক্ষিত মোট ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ গাজীপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের পাইকারি ব্যবসা করে আসছে। তার চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।