বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই যুগান্তকারী রায় প্রদান করবেন।
রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন— পুলিশের এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন ছাত্রলীগ বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। মামলার মোট ৩০ জন আসামির মধ্যে বাকি ২৪ জন (সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ) এখনও পলাতক রয়েছেন।
দেশজুড়ে আলোচিত এই মামলার রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এর আগে গত বছরের ২৬ জুন হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল এবং ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই করার জন্য ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দিয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তাঁর সেই দুহাত প্রসারিত করে বুক পেতে দেওয়ার সাহসী দৃশ্য জুলাই আন্দোলনকে গণবিস্ফোরণে রূপ দেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের পতন ঘটে। আজ সেই বীর শহীদের হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়ার প্রতীক্ষায় প্রহর গুনছে গোটা জাতি।
মানবকণ্ঠ/আরআই




Comments