চট্টগ্রামের হাটহাজারীর মেখলে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে করা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়েছিল। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। গত ৭ এপ্রিল চিন্ময় কৃষ্ণকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। বৃহস্পতিবার সেই মামলায় জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
আইনজীবীরা জানিয়েছেন, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলাসহ আরও ছয়টি মামলায় আসামি হিসেবে নাম থাকায় চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারেই থাকতে হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশেই আইনজীবীকে হত্যার ঘটনা ঘটেছে। গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে আলোচিত এই হত্যা মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
এছাড়াও চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments