জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে আশিক নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এই অভিযোগপত্র জমা দেন। তদন্ত কর্মকর্তা জানান, “যথাযথ প্রমাণ পাওয়ায় ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। অন্যদিকে, ১২৭ জন ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন না বলে প্রমাণ পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।”
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
অন্যদিকে অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী (তাজু), মোহাম্মদ নিজাম উদ্দিনসহ আরও অনেকে।
তদন্ত প্রতিবেদনে এসআই ফেরদৌস জামান উল্লেখ করেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের পূর্ব পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ছাত্র-জনতার আন্দোলনকে সহিংসভাবে দমানোর চেষ্টা করা হয়। কেন্দ্রীয় নির্দেশে আসামিরা পরস্পর যোগসাজশে এই হামলা চালিয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। ওই সময় আশিক নামের ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়ে রাস্তায় পড়ে যান। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। এ ঘটনায় বেঁচে ফেরার পর গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আশিক।
মানবকণ্ঠ/আরআই




Comments