Image description

সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

আজ রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩শ’ ছাড়িয়েছে। সবশেষ শনিবার (৯ মে) একদিনেই হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের লক্ষণ পাওয়া গেছে। এর মধ্যে মোট ৬ হাজার ৯৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ৭৪৬ জন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জানান, শিশুদের অকাল মৃত্যু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা এবং চিকিৎসায় অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে এই ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। রিটটির ওপর পরবর্তী সময়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে।