টাইফয়েড জ্বর হলো \"স্যালমোনেলা টাইফি\" ব্যাকটেরিয়াজনিত একটি রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশের সংক্রমণজনিত প্রধান রোগগুলোর মধ্যে এটি অন্যতম।
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কি নিরাপদ ও কার্যকর?
হ্যাঁ, টিসিভি টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এবং সারা বিশ্বে নিরাপদ ও কার্যকরী হিসেবে ব্যবহৃত হচ্ছে। টিকাদানের পর সামান্য লালচে ভাব, ব্যথা বা অল্প জ্বর হতে পারে, যা স্বাভাবিক ও অল্প সময়ের মধ্যে চলে যায়।
টিকাদান কারা নিতে পারবেন?
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু ও শিক্ষার্থীরা এই টিকা পাবেন। ক্যাম্পেইন চলাকালে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এবং টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।
টিকা কিভাবে প্রদান করা হয়?
২ বছরের নিচের শিশুদের জন্য উরুর মাংসপেশিতে এবং ২ বছরের ওপরেরদের জন্য বাহুর ডেল্টয়েড মাংসপেশিতে টিকা দেওয়া হয়।
গর্ভবতী বা দুগ্ধদানকারী মা, টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তি টিকা নিতে পারবেন?
না, গর্ভবতী বা দুধ দিচ্ছেন এমন মা এবং বর্তমানে টাইফয়েড জ্বরে আক্রান্ত ব্যক্তি টিকা গ্রহণ করবেন না।
টাইফয়েড টিকা পেলে কি রোগ হবে?
না, টিকা নেওয়ার মাধ্যমে টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে এবং আক্রান্ত হলেও জটিলতা কমে।
পূর্বে টিকা নেওয়া থাকলেও পুনরায় টিকা নেওয়া যাবে?
হ্যাঁ, ক্যাম্পেইন চলাকালে পূর্বে টিকা নেওয়া শিশুরাও ১ ডোজ টিকা অবশ্যই নেবেন।
টিকা দেওয়ার সময় একইসাথে অসুস্থ বোধ বা অজ্ঞান হওয়ার ঘটনা কেন হয়?
এটি Mass Psychogenic Illness নামে মানসিক ভীতিজনিত প্রতিক্রিয়া, যা টিকাজনিত নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই।
কিভাবে নিবন্ধন করবেন?
জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিট তথ্য দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইট থেকে নিবন্ধন করা যাবে।
বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা টাইফয়েডের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করবে।

