হালকা কুয়াশা, শিশিরভেজা ঘাস আর মিষ্টি রোদ—শীতকাল মানেই ভ্রমণের আদর্শ সময়। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে এই সময় অনেকেই পাহাড়, সমুদ্র বা অরণ্যে পাড়ি জমান। তবে শীতের ভ্রমণে আনন্দ মাটি হতে পারে যদি আপনার প্রস্তুতি সঠিক না হয়। গরমের দিনের মতো হালকা পোশাকে কাঁধের ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লে বিপদে পড়ার সম্ভাবনাই বেশি।
শীতের ভ্রমণে \'প্যাকিং\' একটি বড় চ্যালেঞ্জ। একদিকে শীতের ভারী কাপড়, অন্যদিকে ব্যাগের ওজন কম রাখা—এই দুইয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। এই শীতে যাঁরা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের ব্যাকপ্যাকে কী কী থাকা আবশ্যিক, তা নিয়ে আমাদের আজকের আয়োজন।
লেয়ারিং বা স্তরে স্তরে পোশাক
শীতে ভ্রমণের মূল মন্ত্র হলো \'লেয়ারিং\'। একটি বিশাল ভারী জ্যাকেটের বদলে কয়েকটি পাতলা কিন্তু উষ্ণ কাপড়ের স্তর অনেক বেশি কার্যকরী।
থার্মাল ইনার: এটি শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে এবং ব্যাগে একদমই জায়গা নেয় না।
সোয়েটার বা ফ্লিস: ইনারের ওপর পরার জন্য হালকা ওল বা ফ্লিসের টি-শার্ট বা সোয়েটার রাখুন।
উইন্ডচিটার বা জ্যাকেট: সবশেষে বাইরের বাতাসের জন্য একটি ভালো মানের উইন্ডব্রেকার বা ফেদার জ্যাকেট রাখুন। এটি আপনাকে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করবে।
হাত-পা ও কান গরম রাখার অনুষঙ্গ
শরীরের এই অংশগুলো দিয়েই ঠান্ডা বেশি ঢোকে। তাই এগুলো সুরক্ষায় বিশেষ নজর দিন।
মোজার জোড়া: ভ্রমণে পা ঘামে, আবার শীতে পা ঠান্ডাও হয়ে যায়। তাই পর্যাপ্ত সুতি এবং উলের মোজা সাথে রাখুন। রাতে ঘুমানোর জন্য আলাদা একজোড়া মোটা মোজা রাখা বুদ্ধিমানের কাজ।
মাফলার ও কানটুপি: গলা ও কান ঢাকতে মাফলার বা \'মাঙ্কি ক্যাপ\' সাথে রাখুন। পাহাড়ে গেলে এটি অপরিহার্য।
গ্লাভস: খুব ভোরে বা রাতে বের হলে হাত জমে যাওয়া থেকে বাঁচাতে একজোড়া গ্লাভস বা দস্তানা অবশ্যই ব্যাগে পুরে নিন।
প্রসাধন ও ত্বকের যত্ন
শীতের শুষ্ক বাতাস ত্বককে রুক্ষ করে দেয়। ভ্রমণের সময় এই সমস্যা আরও বাড়ে। ব্যাকপ্যাকে নিচের জিনিসগুলো রাখতে ভুলবেন না:
লিপবাম: ঠোঁট ফাটা রোধ করতে সব সময় পকেটে বা হাতের কাছে লিপবাম রাখুন।
ময়েশ্চারাইজার: ছোট কৌটায় লোশন বা কোল্ড ক্রিম সাথে নিন।
সানস্ক্রিন: অনেকে ভাবেন শীতে সানস্ক্রিন লাগে না। কিন্তু শীতের মিষ্টি রোদেই ত্বক বেশি পুড়ে বা \'ট্যান\' হয়। তাই সানস্ক্রিন মাস্ট।
প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড
শীতের সময় সর্দি-কাশি, জ্বর বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন।
প্যারাসিটামল ও অ্যান্টি-হিস্টামিন।
গ্যাস্ট্রিকের ওষুধ ও স্যালাইন।
ব্যান্ডেজ ও অ্যান্টিসেপটিক ক্রিম।
ইনহেলার (যাঁদের শ্বাসকষ্টের সমস্যা আছে)।
ইলেকট্রনিক্স ও পাওয়ার ব্যাংক
শীতের জায়গায় ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই স্মার্টফোন বা ক্যামেরার জন্য একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক সাথে রাখা জরুরি। পাহাড়ি এলাকায় অনেক সময় বিদ্যুৎ থাকে না, তাই অতিরিক্ত ব্যাটারি ও একটি ছোট টর্চলাইটও সাথে রাখতে পারেন।
পানি ও শুকনা খাবার
শীতকালে তৃষ্ণা কম পায় বলে আমরা পানি কম পান করি, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। একটি রিইউজেবল বা পুনঃব্যবহারযোগ্য পানির বোতল সাথে রাখুন। সম্ভব হলে থার্মোফ্লাস্ক নিন, যাতে গরম পানি বা কফি বহন করা যায়। এছাড়া ব্যাগে চকলেট, বিস্কুট, বাদাম বা খেজুরের মতো শুকনা খাবার রাখুন যা তাৎক্ষণিক শক্তি জোগাবে।
প্যাকিং হ্যাকস (স্মার্ট টিপস)
কাপড় রোল করা: কাপড় ভাঁজ না করে রোল করে ব্যাগে ভরলে জায়গা কম লাগে এবং কুঁচকে যায় না।
ভারী কাপড় গায়ে রাখা: ভ্রমণের সময় সবচেয়ে ভারী জ্যাকেটটি বা জুতোটি ব্যাগে না ভরে গায়ে বা পায়ে পরুন। এতে ব্যাগের ওজন ও জায়গা—দুটোই বাঁচবে।
পলিথিন বা জিপলক ব্যাগ: ভেজা কাপড় বা ময়লা ফেলার জন্য কয়েকটি জিপলক ব্যাগ বা পলিথিন সাথে রাখুন। প্রকৃতিতে ময়লা ফেলা থেকে বিরত থাকুন।

